ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে ফেসবুকে কটূক্তি করার অভিযোগে আসাদুজ্জামান ওয়াসিম (২৫) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার সন্ধ্যায় তার গ্রামের বাড়ি থেকে তাকে আটক করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সম্প্রতি আসাদুজ্জামান নিজের ফেসবুক আইডি থেকে ধর্মীয় ব্যক্তিত্বের প্রতি অবমাননাকর কিছু পোস্ট করেন। এগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে গতকাল সন্ধ্যায় কয়েক শ জনস্থানীয় তার বাড়ির সামনে বিক্ষোভ সমাবেশ করেন। খবর পেয়ে আখাউড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।
জেলা পুলিশের অফিশিয়াল ফেসবুক পেজে গতকাল রাতে জানানো হয়, আসাদুজ্জামানকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
বিষয়টি নিশ্চিত করে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ উল ইসলাম মুক্তকণ্ঠকে বলেন, "ওই তরুণের বিরুদ্ধে আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত কোনো মামলা হয়নি। তবে তাঁকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হবে।"