রাজধানীর লালবাগ ও কামরাঙ্গীরচর থানার ইসলামবাগ এলাকায় বুড়িগঙ্গা নদীর তীরে জমা প্লাস্টিকসহ অন্যান্য বর্জ্য ১৫ দিনের মধ্যে অপসারণ করতে হাইকোর্ট নির্দেশ দিয়েছেন। পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান, ঢাকার জেলা প্রশাসক এবং লালবাগ ও কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের এই নির্দেশনা প্রযোজ্য হবে।
হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইআরপিবি) করা সম্পূরক আবেদনের শুনানি নিয়ে বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি এস এম ইফতেখার উদ্দিন মাহমুদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ বুধবার এ আদেশ জারি করে। আদেশ বাস্তবায়ন সংক্রান্ত প্রতিবেদন আগামী চার সপ্তাহের মধ্যে আদালতে দাখিল করতেও নির্দেশ দেওয়া হয়েছে।
বুড়িগঙ্গার পানিদূষণ রোধে ২০১০ সালে হাইকোর্ট কয়েক দফা নির্দেশনাসহ রায় দেন। সেই রায় অনুযায়ী নদীর তীরে যেকোনো প্লাস্টিক বা অন্যান্য বর্জ্য ফেলে রাখা নিষিদ্ধ ছিল। তবে ইসলামবাগে বুড়িগঙ্গা তীরে শত শত প্লাস্টিক ও অন্যান্য বর্জ্য জমা থাকার বিষয়ে ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারে গত ১৯ আগস্ট ছবিসহ একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনকে যুক্ত করে ৩০ আগস্ট এইআরপিবি সম্পূরক আবেদনটি দায়ের করে।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ। তাঁকে সহায়তা করেন আইনজীবী সঞ্জয় মন্ডল ও নাছরিন সুলতানা। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল খাঁন জিয়াউর রহমান।
পরে জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ মুক্তকণ্ঠকে বলেন, "বুড়িগঙ্গার পানিদূষণের কারণে ঢাকার পরিবেশ মারাত্মক দূষিত হচ্ছে। হাইকোর্ট ২০১০ সালে কয়েক দফা নির্দেশনা দিয়ে রায় দেন। এ সত্ত্বেও ঢাকার ইসলামবাগ এলাকায় বুড়িগঙ্গা নদীর তীরে শত শত প্লাস্টিক বর্জ্য ফেলে রাখা হয়েছে, যা বুড়িগঙ্গার পানিতে পড়ে দূষণ বাড়াবে। যে কারণে সম্পূরক আবেদনটি করা হয়। শুনানি নিয়ে আদালত ওই আদেশ দেন।"