বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নতুন চেয়ারম্যান হিসেবে অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়াকে নিয়োগ দিয়েছে সরকার। বুধবার (২ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, সংবিধানের ১৩৮(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে মহামান্য রাষ্ট্রপতি অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়াকে জনস্বার্থে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সভাপতি পদে নিয়োগ প্রদান করেছেন। সংবিধানের ১৩৯(১) অনুচ্ছেদ অনুসারে, তিনি দায়িত্বভার গ্রহণের তারিখ থেকে পরবর্তী ৫ (পাঁচ) বছর বা তার ৬৫ (পঁয়ষট্টি) বছর বয়স পূর্ণ হওয়ার মধ্যে যেটি আগে ঘটে, সে সময় পর্যন্ত পিএসসির সভাপতি পদে বহাল থাকবেন।

রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপপরিচালক (উপসচিব) মো. গোলাম রব্বানী।

এর আগে, অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম পিএসসি চেয়ারম্যান পদ থেকে গত ১৮ আগস্ট পদত্যাগ করেন।