রাজবাড়ী শহরের বড় বাজার এলাকায় পুলিশ সদস্যদের উপস্থিতিতে এক নারী উদ্যোক্তাকে ধাক্কা ও লাথি মেরে মারধরের ঘটনায় উচ্চপর্যায়ের তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শন করেছে।

বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. সাইফুজ্জামান ফারুকীর নেতৃত্বে তিন সদস্যের তদন্ত দলটি শহরের কাপড় বাজার এলাকায় সরেজমিনে যায়। দলটি সেখানকার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি স্থানীয় ব্যবসায়ী নেতাদের সাথে আলোচনা করে। ঘটনার দিন ওই এলাকায় দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের কাছ থেকেও তারা তথ্য ও বক্তব্য সংগ্রহ করে।

তদন্ত কমিটে ঢাকা রেঞ্জের পুলিশ সুপার (অপারেশন) শাকিলা সুলতানা ও রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) শামসুল হক অন্যতন সদস্য হিসেবে ছিলেন।

পরিদর্শন শেষে কমিটির সভাপতি অতিরিক্ত ডিআইজি মো. সাইফুজ্জামান ফারুকী সাংবাদিকদের জানান, পুলিশের উপস্থিতিতে নারী উদ্যোক্তার ওপর হামলার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ঢাকা রেঞ্জ থেকে এই তদন্ত কমিটি গঠন করা হয়। ঘটনাস্থল থেকে পুলিশ নারী উদ্যোক্তাকে নিয়ে যাওয়ার সময় কীভাবে এই হামলা ঘটল এবং সেখানে দায়িত্বরত পুলিশ সদস্যদের কোনো ধরনের অবহেলা বা নিষ্ক্রিয়তা ছিল কি না, তা গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে। এ ছাড়া মার্কেট থেকে প্রধান সড়কের দূরত্ব ও সার্বিক নিরাপত্তা পরিস্থিতি তদন্তের আওতায় রয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় ইতিমধ্যে মামলা দায়েরের পর তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানোর অভিযোগে কিছু ফেসবুক আইডি শনাক্ত করছে সাইবার ক্রাইম ইউনিট। তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। দ্রুততম সময়ের মধ্যে ঢাকা রেঞ্জের ডিআইজি বরাবরে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন।

পরিদর্শনকালে রাজবাড়ীর পুলিশ সুপার মঞ্জুর মোর্শেদসহ স্থানীয় ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।