পিরোজপুরের নেছারাবাদ উপজেলার জলাবাড়ী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কামারকাঠি গ্রামে দীর্ঘদিন ধরে অসুস্থ ও আর্থিক সংকটে ভুগে চা বিক্রেতা মো. আবুল মল্লিক (৫৫) আত্মহত্যা করেছেন। বুধবার (২ সেপ্টেম্বর) সকালে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয় বাসিন্দা ও স্বজনদের বরাত দিয়ে জানা যায়, আবুল মল্লিক দীর্ঘদিন ধরে শারীরিকভাবে অসুস্থ ছিলেন। রোগের কারণে তিনি প্রায়শই অস্বাভাবিক আচরণ করতেন। এর পাশাপাশি পরিবারে ছিল চরম অভাব-অনটন। একসময় রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করলেও প্রায় পাঁচ বছর ধরে অসুস্থ থাকায় তিনি আর সেই কাজটি করতে পারতেন না। পরে ধারদেনা করে বাড়ির সামনে একটি ক্ষুদ্র চায়ের দোকান শুরু করেন, তবে ওই দোকান থেকেও সংসারের অভাব মেটেনি।
নিহতের জামাতা আবীর হোসেন জানান, মঙ্গলবার আবুল মল্লিককে হাতে রশি নিয়ে ঘোরাফেরা করতে দেখা যায়। প্রতিদিনের মতো ওই রাতে তিনি নিজের চায়ের দোকানেই ঘুমিয়ে ছিলেন। বুধবার সকালে ঘুম থেকে উঠতে দেরি হওয়ায় স্বজনরা তাকে ডাকতে যান। একপর্যায়ে দোকানের ফাঁক দিয়ে গলায় রশি প্যাঁচানো অবস্থায় তাকে ঝুলতে দেখা যায়।
স্থানীয় বাসিন্দা মো. হারুন বলেন, আবুল মল্লিক অত্যন্ত অসহায় ছিলেন। দীর্ঘদিন অসুস্থ থাকার পাশাপাশি সংসারে অভাব থাকায় তার স্ত্রী ও পরিবারের সদস্যদের অনেক সময় ভিক্ষা করে সংসার চালাতে হয়েছে। মঙ্গলবারও তাকে হাতে রশি নিয়ে ঘোরাফেরা করতে দেখা গেছে বলে জানান তিনি।
এ বিষয়ে নেছারাবাদ থানার পুলিশ পরিদর্শক সঞ্জয় কুমার মজুমদার বলেন, মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। ঘটনাটি তদন্ত করে মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।