ভোলায় জেলা পুলিশের বিশেষ অভিযানে ৭.৬২ মিমি চায়না পিস্তল, ২ লাখ ৫০ হাজার টাকার জাল নোট এবং ৮৪৮টি ইয়াবাসহ ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) ও তার আগের দিন–১ সেপ্টেম্বর জেলার বিভিন্ন স্থানে পৃথক ৪টি অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। ভোলা জেলার পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)-এর দিক নির্দেশনায় অপরাধ দমন, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
২ সেপ্টেম্বর ভোরে গোপন সংবাদের ভিত্তিতে দৌলতখান থানার চরপাতা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে অভিযান চালায় পুলিশ। রাত আনুমানিক ৩:১৫ মিনিটে স্থানীয় মো. নাহিদ হোসাইন (২৬)-এর ঘরের শয়নকক্ষের তোশকের নিচ থেকে ১টি সেমি অটোমেটিক ক্যালিভার ৭.৬২ মিমি চায়না পিস্তল ও ১টি ম্যাগাজিন উদ্ধার করা হয়। এই ঘটনায় দৌলতখান থানায় ১৮৭৮ সালের অস্ত্র আইনে মামলা (নং-০১) দায়ের করা হয়েছে।
একই দিন সকাল ৭:৪০ মিনিটে দুলারহাট থানার ঘোষের হাট লঞ্চঘাটের পন্টুনে অভিযান চালায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। সেখানে মো. মান্নান (৩৬) নামের এক ব্যক্তির কাঁধে থাকা ব্যাগ তল্লাশি করে ১,০০০ টাকা মূল্যের ২০০টি এবং ৫০০ টাকা মূল্যের ১০০টি জাল নোট উদ্ধার করা হয়। আসামির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে দুলারহাট থানায় মামলা (নং-০৩) রুজু করা হয়েছে।
এর আগে ১ সেপ্টেম্বর রাত ৯:৪৫ মিনিটে লালমোহন পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে অভিযান চালায় ডিবি পুলিশ। একটি চারতলা ভবনের তিনতলার ফ্ল্যাট থেকে ৩৪৮ পিস ইয়াবাসহ মো. জাহিদুল হাসান রাকিব (৩৮) ও চট্টগ্রাম থেকে আসা মো. নুরুল ইসলাম (৩৭) নামের দুই যুবককে গ্রেপ্তার করা হয়।
দুপুরে চরফ্যাশন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের একটি পাকা রাস্তার ওপর অভিযান চালিয়ে ৫০০ পিস ইয়াবাসহ মো. হাছনাইন (২৬) ও মো. হাফেজ (৪০) নামের দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করে চরফ্যাশন থানা পুলিশ। মাদক উদ্ধারের দুটি ঘটনাতেই সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা রুজু করা হয়েছে।
পুলিশ জানায়, ভোলার জননিরাপত্তা নিশ্চিত করা এবং মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে পুলিশের এই চিরুনি অভিযান অব্যাহত থাকবে।