স্বাস্থ্যসেবা বিভাগের সচিব (চুক্তিভিত্তিক) মো. কামরুজ্জামান চৌধুরীকে বদলি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব (চুক্তিভিত্তিক) পদে পদায়ন করেছে সরকার।

বুধবার (২ সেপ্টেম্বর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এদিকে, অতিরিক্ত সচিব পদমর্যাদার ৩ কর্মকর্তাকে সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। পদোন্নতির পর তাদের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে পদায়ন করা হয়েছে।

বুধবার পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

পদোন্নতি পাওয়া তিন কর্মকর্তা হলেন, ড. এ এন এম বজলুর রশিদ, ইয়াছমিন বেগম ও এ কে এম বেঞ্জামিন রিয়াজী।

প্রজ্ঞাপনের তথ্যানুযায়ী, জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত অতিরিক্ত সচিব ড. এ এন এম বজলুর রশিদকে পদোন্নতি দিয়ে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব ইয়াছমিন বেগমকে পদোন্নতি দিয়ে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব হিসেবে পদায়ন করা হয়েছে। এ ছাড়া শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ কে এম বেঞ্জামিন রিয়াজীকে পদোন্নতি দিয়ে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব করা হয়েছে।

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।