গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা জেলায় তিনজন এবং ময়মনসিংহে একজন মারা গেছেন। বুধবার (২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৮৮৪ জনের মৃত্যু হয়েছে। নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৯৯ জনের। সব মিলিয়ে হামে আক্রান্ত বা উপসর্গ নিয়ে মোট মৃত্যু দাঁড়িয়েছে ৯৮৩ জনে।

একই সময়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬৩ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে মোট নিশ্চিত আক্রান্তের সংখ্যা ১৯ হাজার ৪৪৭ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ১ হাজার ৩৪ জন আক্রান্ত হয়েছেন। ১৫ মার্চ থেকে মোট উপসর্গ নিয়ে আক্রান্তের সংখ্যা ১ লাখ ৬০ হাজার ১৮৪ জনে দাঁড়িয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে হামের উপসর্গ নিয়ে ১ লাখ ৪০ হাজার ৪৭২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ১ লাখ ৩৫ হাজার ৪১৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।