কোস্টগার্ড টেকনাফ ও উখিয়া এলাকায় পৃথক তিনটি অভিযান চালিয়ে ১৪ কেজি ক্রিস্টাল মেথ (আইস), ২০ বোতল বিদেশি মদ এবং ৫ হাজার ইয়াবা উদ্ধার করেছে। এ সময় একজনকে আটক এবং মাদক পাচারে ব্যবহৃত দুটি কাঠের বোট জব্দ করা হয়েছে।
বুধবার (০২ সেপ্টেম্বর) দুপুরে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি জানান, মিয়ানমার থেকে নাফ নদী হয়ে ক্রিস্টাল মেথের দুটি বড় চালান বাংলাদেশে প্রবেশ করতে পারে—এমন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ১টা থেকে ৩টা পর্যন্ত টেকনাফের জালিয়া দ্বীপ ও উখিয়ার জালিয়াপাড়া সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। অভিযানের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা দুটি কাঠের বোট ফেলে পালিয়ে যায়। পরে বোট দুটি তল্লাশি করে চায়ের প্যাকেটে লুকানো অবস্থায় ১৪ কেজি আইস এবং ২০ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
এছাড়া মঙ্গলবার রাত ১০টার দিকে উখিয়ার পালংখালী পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় আরেকটি অভিযান চালিয়ে একজনকে আটক করা হয়। তার কাছ থেকে ৫ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
কোস্টগার্ড কর্মকর্তা সাব্বির আলম সুজন বলেন, উদ্ধারকৃত মাদক, জব্দ করা বোট এবং আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। কার্যক্রম শেষে তাদের টেকনাফ থানায় হস্তান্তর করা হবে।