হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া বোর্ড স্কুলের সামনে আজ বুধবার বেলা ২টার দিকে একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালক মুহাম্মদ এরশাদ (৩৮) নিহত হন। তিনি মির্জাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন। সংঘর্ষের পর অটোরিকশাটি সড়কে উল্টে গেলে চালক ও যাত্রীরা চাপা পড়েন। দুটি গাড়িই দুমড়ে-মুচড়ে যায়।
এই দুর্ঘটনায় চার এইচএসসি পরীক্ষার্থীসহ মোট ৯ জন আহত হন। আহতদের মধ্যে রয়েছেন মো. তৌসিফ (২০), মো. মাহিন (২০), মো. ফাহিম (১৮), মো. শামিম, ইশা আকতার (২৬), মো. আলমগীর (৪৫), রোকেয়া আকতার (৭০), মো. হাসান (৩৫) ও মো. বেলাল (৪৮)। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহতদের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
নাজিরহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুর রহমান জানান, সংঘর্ষের পরপরই চালক ঘটনাস্থলে মারা যান। অন্য আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। ক্ষতিগ্রস্ত গাড়ি দুটি থানা হেফাজতে রাখা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে।