সরকার জনপ্রশাসন ও স্বাস্থ্যসহ বেশ কয়েকটি মন্ত্রণালয় ও বিভাগে সচিব পর্যায়ের পদায়ন পরিবর্তন করেছে। আজ বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়।
এরই মধ্যে সিনিয়র সচিব মো. এহছানুল হককে জনপ্রশাসন মন্ত্রণালয় ছেড়ে পরিকল্পনা কমিশনের সদস্য পদে বদলি করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হিসেবে চুক্তিভিত্তিকভাবে স্বাস্থ্যসেবা বিভাগের সচিবের দায়িত্ব পালনরত মো. কামরুজ্জামান চৌধুরীকে নতুন জনপ্রশাসনসচিব নিয়োগ দেওয়া হয়েছে।
একই সাথে তিনজন অতিরিক্ত সচিবকে সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত অতিরিক্ত সচিব এ এন এম বজলুর রশীদকে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব করা হয়েছে। শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ কে এম বেঞ্জামিন রিয়াজী স্বাস্থ্যশিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের সচিব এবং মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব ইয়াসমিন বেগম সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব হিসেবে পদায়ন পেয়েছেন।
অন্যদিকে, বর্তমান সংস্কৃতিসচিব কানিজ মাওলাকে পরবর্তী পদায়নের উদ্দেশ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ফিরিয়ে আনা হয়েছে।