শ্রমিকদের অধিকার সুরক্ষা, শিল্পখাতে স্থিতিশীলতা বজায় রাখা এবং দীর্ঘমেয়াদি সহযোগিতা জোরদারের লক্ষ্যে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) ও বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল পুলিশের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
গত বুধবার (২ সেপ্টেম্বর) সকালে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ সদর দপ্তরে এই মতবিনিময় সভা হয়। আইএলও বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স তুনিওন ও সিনিয়র প্রোগ্রাম অফিসার রিফাত জাবীন খান এতে অংশ নেন। তারা ইন্ডাস্ট্রিয়াল পুলিশের অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক গাজী জসীম উদ্দিনের নেতৃত্বে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও আলোচনা করেন।
সভায় ইন্ডাস্ট্রিয়াল পুলিশের পক্ষ থেকে একটি বিস্তারিত উপস্থাপনা দেওয়া হয়। সেখানে পুলিশের দৈনন্দিন কার্যক্রম, শিল্পাঞ্চলে শ্রম-সম্পর্কিত বিষয়াবলি, শ্রমিক ও শিল্পখাতের নিরাপত্তা ব্যবস্থা, শ্রম বিরোধ প্রতিরোধ ও সমাধানে পুলিশের ভূমিকা এবং শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে নেওয়া পদক্ষেপগুলো তুলে ধরা হয়।
আলোচনার মূল ফোকাস ছিল শ্রম অধিকার, সামাজিক সংলাপ, কর্মক্ষেত্রে ন্যায়সংগত পরিবেশ ও শোভন কর্মসংস্থান নিশ্চিতকরণে আইএলওর লক্ষ্যমাত্রা ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশের দায়িত্বের পারস্পরিক সামঞ্জস্য। উভয় পক্ষের প্রতিনিধিরা শ্রমিক অধিকার সুরক্ষা, শিল্পখাতের স্থিতিশীলতা ও শ্রম-সম্পর্কিত বিভিন্ন বিষয়ে কার্যকর সহযোগিতার সুযোগ নিয়েও কথা বলেন।
ভবিষ্যতে দীর্ঘমেয়াদি সহযোগিতা ও সমন্বয় আরও জোরদার করার বিষয়ে উভয় পক্ষ একমত হন। সংশ্লিষ্টরা মনে করেন, এই মতবিনিময় পারস্পরিক বোঝাপড়া বাড়াবে এবং ভবিষ্যৎ সহযোগিতার জন্য একটি শক্ত ভিত্তি তৈরি করবে। আইএলও ও বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল পুলিশ শ্রম অধিকার সুরক্ষা, শিল্প শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা এবং শ্রম-সম্পর্কিত বিষয়ে আরও কার্যকর ভূমিকা রাখতে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এগিয়ে যাবার প্রত্যাশা ব্যক্ত করেছে।
সভায় ইন্ডাস্ট্রিয়াল পুলিশের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (অপারেশন অ্যান্ড ক্রাইম) মো. আব্দুল্লাহ আল মামুন, ডেপুটি ইন্সপেক্টর জেনারেল হারুন-উর-রশিদ হাযারী, ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ইন্টেলিজেন্স) মো. রেজাউল হক এবং অ্যাডিশনাল ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (অ্যাডমিন অ্যান্ড ফাইন্যান্স) হাসিবুল আলম উপস্থিত ছিলেন।