ঢাকার সাভারে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে নয়ন মণ্ডল (৪৮) নামের এক বাসচালককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম জানান, লিখিত অভিযোগ পাওয়ার মাত্র ছয় ঘণ্টার মধ্যে মঙ্গলবার রাতে অভিযুক্ত নয়নকে গ্রেপ্তার করা হয়েছে। আজ তাকে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার নয়ন পেশায় বাসচালক। তিনি সাভারের মধুমতি মডেল টাউন এলাকায় ভাড়া থাকেন। এদিকে ভুক্তভোগী তরুণীকে চিকিৎসার পাশাপাশি শারীরিক পরীক্ষার (মেডিকেল টেস্ট) জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ডিগ্রি পরীক্ষা শেষে চাকরির খোঁজে সম্প্রতি গ্রাম থেকে সাভারে আসেন ওই তরুণী। কাজের সন্ধান না পেয়ে তিনি সাভারের আমিনবাজারের মধুমতি মডেল টাউন এলাকায় ঘোরাঘুরি করছিলেন। সে সময় শীলা বেগম ও তার স্বামী ইমরানের সঙ্গে তরুণীর পরিচয় হয়। পরে আবাসনের ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দিয়ে তাকে বাসায় নিয়ে যান ওই দম্পতি।
এজাহারে আরও উল্লেখ করা হয়, গত ৩০ আগস্ট রাতে শীলার স্বামী ইমরান বাসায় ছিলেন না। ফলে ওই তরুণী শীলার সঙ্গেই এক কক্ষে ঘুমাতে যান। রাত আনুমানিক ১১টা ২০ মিনিটে শীলার পূর্বপরিচিত নয়ন ওই কক্ষে ঢুকে ভেতর থেকে দরজা বন্ধ করে দেন।
অভিযোগ অনুযায়ী, শীলা ঘরের দরজার পাশে দাঁড়িয়েছিলেন এবং তার সহযোগিতাতেই নয়ন তরুণীকে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। বিষয়টি কাউকে জানালে ভুক্তভোগীকে ‘খারাপ মেয়ে’ হিসেবে প্রচারের হুমকিও দেন শীলা।
পরে ইমরান বাসায় ফিরে ওই তরুণীকে কাঁদতে দেখে কারণ জানতে চান। তরুণী ঘটনাটি বিস্তারিত জানালে ইমরান তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। এরপর গত সোমবার ভুক্তভোগী সাভার মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ গাবতলী থেকে অভিযুক্ত নয়নকে গ্রেপ্তার করে।