মাগুরার শালিখা উপজেলার পোড়াগাছি এলাকায় পাঁচ বছর বয়সি এক শিশুকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে আবুল কাশেম (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে তাকে মাগুরা আদালতে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পোড়াগাছি এলাকার একটি চালকলে এই ঘটনা ঘটে। গ্রেপ্তার আবুল কাশেম ওই রাইস মিলে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। স্থানীয় সূত্র জানায়, ওই মিলে ধান ভাঙানোর পাশাপাশি নারকেলের তেল উৎপাদন করা হয়। নারকেলের খৈল সংগ্রহের জন্য স্থানীয় শিশুরা প্রায়ই মিলে আসা-যাওয়া করত। মঙ্গলবার দুপুরে পাঁচ বছর বয়সি শিশুটি খৈল আনতে মিলে গেলে ফাঁকা জায়গায় তাকে একা পেয়ে কাশেম শ্লীলতাহানির চেষ্টা চালায়।

বিষয়টি জানাজানি হলে তাৎক্ষণিকভাবে স্থানীয় এক বাসিন্দা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশকে খবর দেন। সংবাদ পেয়ে শালিখা থানার উপপরিদর্শক (এসআই) ইকরামুল হুদার নেতৃত্বে একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। প্রাথমিক সত্যতা যাচাই শেষে অভিযুক্ত কাশেমকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।

শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান জানান, জরুরি সেবার ফোন পেয়ে পুলিশ অভিযুক্তকে আটক করে। ভুক্তভোগী শিশুটির পরিবারের পক্ষ থেকে থানায় মামলা করার পর আটক কাশেমকে গ্রেপ্তার দেখিয়ে বুধবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।