লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ধওলাই এলাকায় এক স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার নওদাবাস ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ওই এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহতের নাম তিথি রানী। তিনি ওই এলাকার বাবুল চন্দ্র রায়ের মেয়ে এবং কেতকীবাড়ী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

স্থানীয়দের জানানো অনুযায়ী, বুধবার সকাল ৮টার দিকে তিথি রানীকে নিজ বাড়িতে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তার স্বজনরা। কান্নাকাটির শব্দ শুনে প্রতিবেশীরা ঘটনাস্থলে আসেন এবং মরদেহটি নিচে নামিয়ে পুলিশকে খবর দেন। খবর পেয়ে হাতীবান্ধা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ জমা পড়েনি। এছাড়া স্থানীয়দের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।