কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট বাজারে সার বিতরণ না হওয়ায় বুধবার (২ সেপ্টেম্বর) সকালে কৃষকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান। পরে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে সার বিতরণের নিশ্চয়তা পাওয়ায় তারা অবরোধ প্রত্যাহার করে নেন।
সকালে কৃষকরা সোনাহাট স্থলবন্দর সড়কে অবস্থান নিয়ে যানজট সৃষ্টি করেন। বিষয়টি জানাজানি হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমৃত দেবনাথ, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল জব্বার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিনসহ পুলিশ, সোনাহাট ক্যাম্পের বিজিবির একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুড়িগ্রামের উপপরিচালক আবদুল্লাহ আল মামুনও উপস্থিত হন।
মেসার্স রাকিবুল ট্রেডার্সের স্বত্বাধিকারী হযরত আলী জানান, সর্বশেষ ডিও অনুযায়ী তিনি ২৩৫ বস্তা ডিএপি, ৯৫ বস্তা টিএসপি ও ৯০ বস্তা এমওপি সার উত্তোলন করেন। বুধবার সার বিতরণের দিন ধার্য ছিল না। তবে শতাধিক কৃষক ক্ষুব্ধ হয়ে উঠলে প্রশাসনের সহায়তায় সার বিতরণ করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল জব্বার বলেন, বুধবার রাকিবুল ট্রেডার্সে সার বিতরণের দিন ধার্য ছিল না। সোনাহাট ক্যাম্পের মোড়ে বিসিআইসি ডিলার মেসার্স জনার্দন ট্রেডার্সে ৩০০ বস্তা ইউরিয়া সার বিতরণের কথা ছিল। কিন্তু কৃষকরা বিশৃঙ্খলা করায় প্রশাসনের উপস্থিতিতে দুটি ডিলার পয়েন্টেই সার বিতরণ করা হয়েছে।
ইউএনও অমৃত দেবনাথ জানান, খবর পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে যান। পরে পুলিশ, বিজিবি ও আনসার সদস্যদের উপস্থিতিতে কৃষকদের মাঝে সার বিতরণ করা হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং উপজেলায় কোনো সার সংকট নেই।