কুমিল্লার দেবিদ্বারে অবৈধ ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে আটটি ফার্মেসিকে মোট ৪৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই অভিযানে নির্ধারিত স্থানে বাস পার্কিং না করে সড়কে যানজট সৃষ্টির দায়ে দুটি বাসকে আরও ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত দেবিদ্বার পৌরসভার নিউমার্কেট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
দেবিদ্বার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ফয়সল উদ্দিনের নেতৃত্বে পরিচালিত অভিযানে নিউমার্কেট এলাকার ১৫টি ফার্মেসি পরিদর্শন করা হয়। এর মধ্যে ৮টি ফার্মেসিতে অবৈধ ও মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া যায়। পরে ‘ওষুধ ও কসমেটিকস আইন, ২০২৩’-এর প্রযোজ্য বিভিন্ন ধারায় প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে মোট ৪৬ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান চলাকালে প্রশাসনের উপস্থিতির খবর পেয়ে নিউমার্কেট এলাকার অধিকাংশ ফার্মেসির মালিক দোকান বন্ধ করে সরে যান বলে জানিয়েছে অভিযান পরিচালনাকারী কর্তৃপক্ষ। বিষয়টিকে সরকারি দায়িত্ব পালনে অসহযোগিতা ও নির্দেশনা অমান্যের ঘটনা হিসেবে দেখছে প্রশাসন। বন্ধ করে চলে যাওয়া ফার্মেসিগুলোর তথ্য সংগ্রহ করা হচ্ছে। এসব প্রতিষ্ঠানের মালিকদের পরবর্তী সময়ে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হবে। প্রয়োজন অনুযায়ী তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাও নেওয়া হতে পারে।
এদিকে নির্ধারিত স্থানে বাস পার্কিং না করে সড়কে যানজট সৃষ্টির অপরাধে দুটি বাসকে ‘সড়ক পরিবহন আইন, ২০১৮’-এর প্রযোজ্য বিভিন্ন ধারায় মোট ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে ফার্মেসি মালিকদের অ্যান্টিবায়োটিক ওষুধ বিক্রির ক্ষেত্রে যথাযথ রেজিস্টার সংরক্ষণ ও তা নিয়মিত হালনাগাদ রাখার নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে অবৈধ, অনিবন্ধিত ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়।
দেবিদ্বার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ফয়সল উদ্দিন জানান, জনস্বাস্থ্য সুরক্ষা, ওষুধের গুণগত মান নিশ্চিত করা এবং জনসাধারণের চলাচল নির্বিঘ্ন রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি অভিযানের সময় দোকান বন্ধ করে পালিয়ে যাওয়া ফার্মেসিগুলোর তথ্য যাচাই করে সংশ্লিষ্ট মালিকদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
অভিযানে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লার ওষুধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. ফখরুল ইসলাম। দেবিদ্বার থানা-পুলিশ ও আনসার সদস্যদের একটি দল অভিযানে সার্বিক সহযোগিতা করে।