পরিবেশ সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে গ্রিনম্যান অ্যাওয়ার্ড পেয়েছেন জিটিভির বার্তা সম্পাদক ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক মাহমুদ সোহেল।

বুধবার (২ সেপ্টেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় তাকে এই সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান। অন্যদিকে, সভাপতিত্ব করেন সবুজ আন্দোলনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান বাপ্পি সরদার।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশে বিদ্যুৎ ও গ্যাস সংকট মোকাবিলায় আমদানিনির্ভর জ্বালানি ও এলএনজির ওপর নির্ভরতা কমাতে হবে। একই সঙ্গে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে হবে। এ ক্ষেত্রে সৌরবিদ্যুৎ সংকট মোকাবিলায় টেকসই সমাধান হতে পারে।

উক্ত অনুষ্ঠানে পরিবেশ সংরক্ষণ ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বিশেষ অবদানের জন্য বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকেও গ্রিনম্যান অ্যাওয়ার্ড প্রদান করা হয়.