ভৈরব নদে ফেরির সঙ্গে ট্রলারের সংঘর্ষে নিখোঁজ তরুণ রাকিব খানের (১৭) সন্ধানে তল্লাশি অভিযান চলছে। বুধবার (২ সেপ্টেম্বর) সকাল থেকে নৌপুলিশ, ফায়ার সার্ভিস, কোস্টগার্ড ও নৌবাহিনীর সদস্যরা নদীতে যৌথভাবে অভিযান চালাচ্ছেন।

রাকিব রূপসা উপজেলার সেনের বাজার এলাকার হাজী গ্রামের বাকের খানের ছেলে। নৌপুলিশ জানায়, মঙ্গলবার রাতে ভৈরব নদ পার হয়ে বাড়ি ফেরার পথে তিনি একটি ট্রলারে ছিলেন। মাঝনদীতে একটি ফেরির সঙ্গে ট্রলারটির সংঘর্ষ ঘটলে ট্রলারটি ডুবে যায়। অন্য যাত্রীরা সাঁতরে ও স্থানীয়দের সহায়তায় তীরে উঠলেও রাকিব নদীতে তলিয়ে যান।

নৌপুলিশের রূপসা ফাঁড়ির ইনচার্জ মো. আবুল খায়ের বলেন, 'ঘটনার পর থেকে মঙ্গলবার রাত সাড়ে ৪টা পর্যন্ত নদে প্রথম দফায় উদ্ধার অভিযান চালানো হয়। বুধবার সকাল সাড়ে ৭টা থেকে আবারও যৌথ উদ্ধার অভিযান শুরু করা হয়েছে।'

খুলনা ফায়ার সার্ভিসের উপপরিচালক মাসুদ সরদার বলেন, 'সকাল ৯টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা ঘটনাস্থল ও আশপাশের এলাকায় তল্লাশি শুরু করেন। তবে এখন পর্যন্ত নিখোঁজ তরুণ কিংবা ডুবে যাওয়া ট্রলার—কোনোটিরই সন্ধান মেলেনি। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।'