বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) অফিস সহায়ক পদে যোগদানের সময় লিখিত ও মৌখিক পরীক্ষায় প্রক্সি ব্যবহারের অভিযোগে রিপন হোসেন নামে এক প্রার্থীকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) পিএসসি সচিবালয়ে যোগদানের জন্য আসার সময় পরিচয় যাচাইয়ের সময় তাকে ধরা হয়। পরবর্তীতে তাকে শেরেবাংলা নগর থানায় হস্তান্তর করা হয়েছে এবং থানায় এজাহার দায়ের করা হয়েছে।

রিপন হোসেন মানিকগঞ্জের সাটুরিয়া থানার বাহা গ্রামের স্থায়ী বাসিন্দা। অফিস সহায়ক পদে তার নির্বাচিত রোল নম্বর ছিল ২১০১১৮৭।

পিএসসি সূত্রে জানা যায়, নিয়োগপ্রক্রিয়ার অংশ হিসেবে মঙ্গলবার চাকরিতে যোগ দিতে কমিশন সচিবালয়ে উপস্থিত হন রিপন হোসেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা তার পরিচয় যাচাই শুরু করেন। প্রবেশপত্রের ছবির সাথে মৌখিক পরীক্ষার দিনের সিসিটিভি ফুটেজের ব্যক্তির চেহারা মিলিয়ে দেখলে কর্মকর্তাদের সন্দেহ হয়। বিষয়টি উপপরিচালক শোভন সমাদ্দারকে জানানো হলে তিনি উপসচিব ওয়াসিমুল বারীকে অবহিত করেন। এরপর কর্মকর্তারা যৌথভাবে তাকে জিজ্ঞাসাবাদ করেন।

জিজ্ঞাসাবাদের একপর্যায়ে রিপন হোসেন প্রতারণার কথা স্বীকার করেন। তিনি জানান, লিখিত ও মৌখিক—কোনো পরীক্ষাতেই তিনি নিজে অংশ নেননি। দুই পরীক্ষাতেই তার হয়ে প্রক্সি পরীক্ষার্থী অংশ নিয়েছিল। অপরাধ স্বীকারের পর তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরে তার বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় এজাহার দায়ের করা হয়েছে।