নওগাঁর সাপাহার উপজেলার গোয়ালা ইউনিয়নে গ্রামপুলিশ সদস্য রুবেল হক (২৬) নামে এক তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২ সেপ্টেম্বর) সকালে উপজেলার ২ নম্বর গোয়ালা ইউনিয়নের কদমডাঙ্গা গ্রামের একটি আমবাগান থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত রুবেল হক ওই গ্রামের আব্দুর রহমানের ছেলে এবং গোয়ালা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের গ্রামপুলিশ হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্র ও প্রশাসনিক তথ্য অনুযায়ী, মঙ্গলবার রুবেলের স্ত্রীর সাথে পারিবারিক কলহ সৃষ্টি হয়। বিষয়টি মীমাংসার জন্য শ্বশুরবাড়ির লোকজন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের শরণাপন্ন হন। চেয়ারম্যান উভয় পক্ষের কথা শুনে ভুল বোঝাবুঝি দূর করে তাদের একসঙ্গে বাড়িতে পাঠিয়ে দেন। বাড়ি ফেরার পর ওই দিন রাত ৯টার দিকে রুবেল ঘর থেকে বের হয়ে যান। রাতে পরিবারের লোকজন সম্ভাব্য বিভিন্ন স্থানে খুঁজেও তার কোনো সন্ধান পাননি। পরবর্তীতে বুধবার সকালে স্থানীয় বাসিন্দারা আমবাগানের একটি গাছে তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেন।

গোয়ালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান জানান, পরকীয়ার সন্দেহে রুবেলের বিরুদ্ধে তার স্ত্রীর পরিবার অভিযোগ জানিয়েছিল। পরিষদে উভয় পক্ষকে ডেকে তাদের দাম্পত্য জীবন স্বাভাবিক রাখার পরামর্শ দিয়ে বাড়িতে পাঠানো হয়। এরপর সকালে তার মরদেহ উদ্ধারের খবর পাওয়া যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।