মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কুকুরের আক্রমণে আহত বিপন্ন প্রজাতির গন্ধগোকুলকে উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।

বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে শ্রীমঙ্গল উপজেলার রাজাপুর এলাকার রাস্তার পাশে এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানিয়েছে, রাস্তা পার হওয়ার সময় হঠাৎ কয়েকটি বেওয়ারিশ কুকুর গন্ধগোকুলটিকে আক্রমণ করে। আক্রমণে প্রাণীটির শরীরের বিভিন্ন স্থানে ক্ষত সৃষ্টি হয়। বিষয়টি লক্ষ্য করে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দেয়। সংবাদ পেয়ে সংগঠনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত প্রাণীটিকে উদ্ধার করেন।

বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল বলেন, উদ্ধার করা প্রাণীটিকে প্রাথমিক চিকিৎসা শেষে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে। সম্পূর্ণ সুস্থ হওয়ার পর এটিকে বনে অবমুক্ত করা হবে।

গন্ধগোকুল একটি স্তন্যপায়ী ও নিশাচর প্রাণী। এটি অঞ্চলভেদে খাটাশ, তাল-খাটাশ, সাইরেল বা তাড়ি বিড়াল নামেও পরিচিত। গাছে চড়তে দক্ষ এ প্রাণীটি মূলত গাছেই বেশি সময় কাটায় এবং রাতে খাবারের খোঁজে বের হয়। এদের দেহে বিশেষ গন্ধগ্রন্থি থাকে। ভয় পেলে বা নিজের সীমানা চিহ্নিত করতে এরা শরীর থেকে নিঃসৃত করে বিশেষ রস, যার তীব্র গন্ধ অনেকটা পোলাওর চালের মতো।