বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুকে দেখতে বুধবার (০২ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে গিয়েছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। চিকিৎসাধীন মন্ত্রীর শয্যাপাশে কিছুটা সময় কাটান তিনি। এ সময় তার শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন এবং দ্রুত সুস্থ হয়ে উঠার জন্য শুভেচ্ছা জানান।
রিজভীর ব্যক্তিগত সহকারী আরিফুর রহমান তুষার এই পরিদর্শনের তথ্য নিশ্চিত করেছেন। একই সময় হাসপাতালে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন বকুল, বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ এবং সহঅর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন।
মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) রাতে ইকবাল হাসান মাহমুদকে হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে জরুরি বিভাগ থেকে তাকে নিবিড় পর্যবেক্ষণের জন্য করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়। হাসপাতালের জনসংযোগ বিভাগ মন্ত্রীর ভর্তির বিষয়টি নিশ্চিত করলেও তাঁর নির্দিষ্ট শারীরিক সমস্যার বিবরণ এখনও প্রকাশ করা হয়নি।
উল্লেখ্য, গত ১৭ ফেব্রুয়ারি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন ইকবাল হাসান মাহমুদ।