নৈতিক অবক্ষয় ও মাদকাসক্তি থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় খেলাধুলা ও কারিগরি শিক্ষার ওপর জোর দেওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বুধবার (২ সেপ্টেম্বর) সকালে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট অডিটোরিয়ামে অনুষ্ঠিত এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া মেধাবী স্কাউটদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

আগামী দিনের বাংলাদেশ গড়ার জন্য মেধাবী ও নৈতিকতাসম্পন্ন তরুণ প্রজন্মের ওপর নির্ভরশীল উল্লেখ করে মন্ত্রী বলেন, দেশের জনসংখ্যাকে মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, নৈতিকতা ও আদর্শ থেকে বিচ্যুত হলে চলবে না। লেখাপড়া করতে হবে, অভিভাবকদের সম্মান ও শিক্ষকদের শ্রদ্ধা করতে হবে। জাতি গঠনে শৃঙ্খলা ও আদর্শকে সমুন্নত রাখতে হবে।

স্কাউট কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে সরকার অতিরিক্ত পাঁচ কোটি টাকা বরাদ্দ দেবে বলেও ঘোষণা দেন শিক্ষামন্ত্রী। স্কাউট, গার্ল গাইডস ও রোভারদের কার্যক্রমে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে উল্লেখ করে তিনি জানান, স্কাউটের জন্য পৃথক প্রকল্প গ্রহণের পাশাপাশি বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের (বিএনসিসি) জন্যও উদ্যোগ নেওয়া হচ্ছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ লাভকারী মেধাবী স্কাউটদের মধ্যে সম্মাননাপত্র ও মেডেল বিতরণ করা হয়।