ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের দুটি সার্ভিস সেতু যানচলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) সকালে আশুলিয়ার ধউর এলাকায় ফিতা কেটে এটি উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল ইসলাম। এতে রাজধানীর অন্যতম ব্যস্ত প্রবেশদ্বার আশুলিয়া অঞ্চলের দীর্ঘদিনের যাতায়াত ভোগান্তির অবসান ঘটার প্রত্যাশা জাগিয়েছে।
তিনি বলেন, "দীর্ঘ প্রতীক্ষার পর দীর্ঘ উড়ালসড়ক ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের একাংশ যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর গত ছয় মাসে প্রকল্পটির কাজ অনেক দূর এগিয়েছে। এই ধারাবাহিকতায় একাংশ খুলে দেওয়া সম্ভব হয়েছে। আগামী বছরের মধ্যে পুরো প্রকল্পের কাজ শেষ হবে।"
দেশের উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলের সঙ্গে রাজধানীর দ্রুত যোগাযোগ নিশ্চিত করতে ২৪ কিলোমিটার দীর্ঘ এই উড়ালসড়ক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) অনুমোদনের প্রায় পাঁচ বছর পর ২০২২ সালের ১২ নভেম্বর প্রকল্পটির কাজ শুরু হয়। নানা জটিলতায় প্রাথমিকভাবে কাজ ধীরগতিতে চললেও পরবর্তীতে গতি বাড়ানো হয়। জুলাই পর্যন্ত প্রকল্পটির সার্বিক অগ্রগতি ৭২ শতাংশে পৌঁছায়।
সংশোধিত প্রকল্পে ব্যয় প্রায় ৫৪ দশমিক ১ শতাংশ বেড়ে বর্তমানে নির্মাণ ব্যয় দাঁড়িয়েছে ২৭ হাজার ৪৫ দশমিক ৬৭ কোটি টাকা। সংশোধনীতে ড্রেনেজব্যবস্থা, ভূগর্ভস্থ বৈদ্যুতিক লাইন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের সাথে সংযোগ এবং বাইপাসে তিনতলা দৃষ্টিনন্দন ‘ট্রাম্পেট ইন্টারচেঞ্জ’ নির্মাণের ব্যবস্থা করা হয়েছে।
প্রকল্প সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, তুরাগ নদের পানিপ্রবাহ নির্বিঘ্ন রাখতেই দুই সার্ভিস সেতু চালু করা হয়েছে। আশুলিয়া বাজার থেকে ধউর বেড়িবাঁধ পর্যন্ত বিদ্যমান সড়কটি সরিয়ে নতুন সার্ভিস লেন ব্যবহার করে টোল ছাড়াই নদী পারাপারের সুযোগ সৃষ্টি হয়েছে। যানচলাচল শুরু হওয়ায় স্থানীয়দের মধ্যে আনন্দ দেখা গেছে। আশুলিয়া এলাকার বাসিন্দা দীপংকর দাস বলেন, "আশুলিয়া এক্সপ্রেসওয়ে অবশেষে চালু হয়েছে। এত দিন অনেক ভোগান্তি পোহাতে হয়েছে। আশা করছি এখন যানজট থেকে অনেকটা রক্ষা পাব।" সড়কে চলাচলরত পথচারী বাবুল হোসেন বলেন, "যানজট নিরসনে এক্সপ্রেসওয়ে অনেক ভূমিকা রাখবে। উত্তরা থেকে আশুলিয়া আসতে প্রচুর ভোগান্তি হতো। এখন আর ভুগতে হবে না আশা করছি।"
উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা-১৯ (সাভার) আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু, ঢাকা-১৮ (উত্তরা) আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন, সিএমসি প্রেসিডেন্ট কিউ আই ইয়ি এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আব্দুর রউফ বক্তব্য দেন। স্থানীয় সংসদ সদস্য দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু বলেন, "আশুলিয়াবাসীর দীর্ঘ দিনের স্বপ্নের প্রকল্প এটি। অনেক ঘটনা ঘটেছে দীর্ঘ দিন ধরে। এখানে প্রচুর কারখানা এগুলো সামাল দিতে বেগ পোহাতে হয়েছে। আজকে চালুর মধ্য দিয়ে সেই ভোগান্তি কমবে। সবাই উপকার ভোগ করবে।"