বরগুনার পাথরঘাটায় পারিবারিক তুচ্ছ বিরোধের জেরে এক নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্থানীয় এক যুবকের বিরুদ্ধে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ৩টার দিকে উপজেলার রায়হানপুর ইউনিয়নের মধ্য লেমুয়া এলাকার ৮ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে।
নিহত পিয়ারা বেগম (৬২) ওই এলাকার মৃত আজাহার পেদার মেয়ে এবং মৃত শাহজাহান মাতুব্বরের স্ত্রী। অন্যদিকে অভিযুক্ত মো. আল আমিন (৩৬) একই বাড়ির আ. সালাম মাতুব্বরের বড় ছেলে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, পারিবারিক নানা বিষয় নিয়ে পিয়ারা বেগমের সঙ্গে আল আমিনের তীব্র বাকবিতণ্ডা হয়। ক্ষিপ্ত হয়ে আল আমিন তাকে বেধড়ক কিল-ঘুষি, লাথি ও লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর করেন। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন পিয়ারা বেগম। পরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অভিযুক্ত আল আমিনের ছোট ভাই রুহুল আমিনের দাবি, তার ভাই দীর্ঘদিন ধরে মারাত্মক মাদকাসক্ত। নেশাগ্রস্ত অবস্থায় তিনি এর আগেও নিজ বাবা-মাকেও একাধিকবার মারধর করেছেন।
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল আলিম জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত আল আমিনকে গ্রেপ্তারের জন্য এলাকায় পুলিশের একটি অভিযান পরিচালিত হচ্ছে।
ওসি আরও জানান, প্রাথমিকভাবে জানা গেছে ঘটনার সময় আল আমিন নেশাগ্রস্ত ছিলেন। এ বিষয়ে নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে পুরো বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে পুলিশ।