রাজধানীর গুলশানে ইস্টার্ন হাউজিং লিমিটেডের ফ্ল্যাট জালিয়াতি মামলায় টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও সরদার মোশাররফ হোসেনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে গেছে। ঢাকার বিশেষ জজ আদালত-৫-এর বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন আগামী বছরের ১১ জানুয়ারি নতুন শুনানির তারিখ নির্ধারণ করেছেন।
দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর আইনজীবী মীর আহমেদ আলী সালাম মুক্তকণ্ঠকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ মঙ্গলবার আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ধার্য ছিল। তবে উচ্চ আদালতের (হাইকোর্ট) নির্দেশে অপর আসামি সরদার মোশাররফ হোসেনের মামলার কার্যক্রম বর্তমানে স্থগিত রয়েছে। একইসঙ্গে কেবল টিউলিপের বিরুদ্ধে শুনানি না করে আদালত পরবর্তী শুনানির জন্য নতুন দিন ঠিক করেন।
মামলার আসামি টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের পার্লামেন্ট সদস্য। তিনি ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে। অন্যদিকে, অপর আসামি সরদার মোশাররফ হোসেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সাবেক সহকারী আইন উপদেষ্টা।
গত বছরের ১৫ এপ্রিল রাজধানীর গুলশানে ইস্টার্ন হাউজিং লিমিটেডের ফ্ল্যাট জালিয়াতির অভিযোগে দুদক এই মামলা দায়ের করে। গত ১৮ ফেব্রুয়ারি আদালত দুদকের দেওয়া অভিযোগপত্র আমলে নেয় এবং আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এরপর গত ৮ এপ্রিল ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ মামলাটি বিচারের জন্য ঢাকার বিশেষ জজ আদালত-৫-এ পাঠানোর আদেশ দেন।