গত আগস্ট মাসে সারা দেশে ২৫২ জন নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছেন। এর মধ্যে ১১৮ জন কন্যাশিশু এবং ১৩৪ জন নারী। বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় লিগ্যাল এইড উপ-পরিষদ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, দেশের ১৫টি জাতীয় দৈনিক ও ২টি অনলাইন পত্রিকায় প্রকাশিত খবরের ভিত্তিতে এই পরিসংখ্যান প্রস্তুত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগস্ট মাসে ধর্ষণের শিকার হয়েছেন ৫৪ জন, যার মধ্যে ৩৬ জন কন্যা ও ১৮ জন নারী। দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন ১৩ জন, যার মধ্যে ৮ জন শিশু। ধর্ষণের পর হত্যা করা হয়েছে ২ জনকে এবং ধর্ষণের চেষ্টা করা হয়েছে ১৪ জনকে।

এছাড়া যৌন সহিংসতার শিকার হয়েছেন ৩০ জন, যার মধ্যে ২৪ জন শিশু। যৌন নিপীড়নের শিকার ১৪ জন, উত্ত্যক্তকরণের শিকার ৯ জন এবং সাইবার সহিংসতার শিকার ৭ জন।

হত্যাকাণ্ডের শিকার হয়েছেন ৫৫ জন, যার মধ্যে ১০ জন শিশু ও ৪৫ জন নারী। রহস্যজনক মৃত্যু হয়েছে ২৬ জনের। আত্মহত্যা করেছেন ১৪ জন, যার মধ্যে ৩ জন শিশু। হত্যা বা আত্মহত্যার প্ররোচনার শিকার হয়েছেন ১ জন।

অন্যান্য অপরাধের মধ্যে অগ্নিদগ্ধ হয়েছেন ৩ জন, যার মধ্যে ২ জনের মৃত্যু হয়েছে। যৌতুকের কারণে নির্যাতনের শিকার ৬ জন, নিহত ৩ জন। গৃহকর্মী নির্যাতনের শিকার ৫ জন, নিহত ৪ জন। অপহরণের শিকার ২ শিশু। বাল্যবিবাহ প্রতিরোধ করা হয়েছে ৫টি। শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন ২৮ জন।

বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নারী ও শিশুদের ওপর এই সহিংসতা বন্ধে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়েছে।