নাটোরের গুরুদাসপুরে ফুটবল খেলা নিয়ে দুই কিশোর দলের সমর্থকদের মধ্যে মারামারি ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার পাইলট স্কুল মাঠে এই সংঘর্ষের সূত্রপাত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সোমবার বিকেলে ধারাবারিষা ইউনিয়নের শিধুলি মাঠে শিধুলি ও দেবদ্বার মোড় গ্রামের দলের মধ্যে ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলা চলাকালীন উভয় দলের সমর্থকদের মধ্যে কথা-কাটাকাটির সৃষ্টি হলেও তা স্থানীয়ভাবে সমাধান করা হয়েছিল। তবে আজ সকালে পাইলট স্কুল মাঠে সমর্থকরা জড়ো হলে নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়। একপর্যায়ে বাগ্বিতণ্ডা বেড়ে মারামারি ও ধাওয়া-পাল্টাধাওয়ায় রূপ নেয়। লাঠিসোঁটা নিয়ে হাতাহাতির এ ঘটনায় উভয় পক্ষের কয়েকজন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান জানান, স্কুল মাঠে তুচ্ছ একটি ঘটনা ঘটেছিল। খবর পেয়ে পুলিশের একটি টিম পৌঁছানোর আগেই তারা চত্বর ছেড়ে চলে যায়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ বিষয়ে কোনো পক্ষ থেকে থানায় এখনও অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।