ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল বলেছেন, ভালো কাজের যথাযথ মূল্যায়ন কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্পৃহা ও সেবার মান বৃদ্ধি করে।

বুধবার (২ সেপ্টেম্বর) সকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত ‘সম্মাননা ও ইনসিগনিয়া প্রদান’ অনুষ্ঠানে এ কথা বলেন।

অনুষ্ঠানে অপারেশনাল কাজে বিশেষ সাহসিকতা প্রদর্শনের স্বীকৃতিস্বরূপ দেশের বিভিন্ন ইউনিটের নির্বাচিত ৪০ কর্মকর্তা-কর্মচারীকে ‘মহাপরিচালকের প্রশংসা’ ইনসিগনিয়া, সনদপত্র ও অর্থ সম্মাননা প্রদান করা হয়। একই সঙ্গে নির্ধারিত বিভিন্ন মানদণ্ডে শ্রেষ্ঠ নির্বাচিত ২৮টি ফায়ার স্টেশনের প্রতিনিধিদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন মহাপরিচালক। এছাড়া সদ্য পদোন্নতিপ্রাপ্ত ১৪ জন ওয়্যারহাউজ ইন্সপেক্টরকে র‌্যাংক ব্যাজ পরিয়ে দেওয়া হয়।

অনুষ্ঠানের শুরুতে মহাপরিচালককে অভিবাদন জানান পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) লে. কর্নেল এম এ আজাদ আনোয়ার। পরে পবিত্র ধর্মগ্রন্থ পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।

অধিদপ্তর জানায়, মহাপরিচালকের নির্দেশনায় বিভাগভিত্তিক কমিটির মাধ্যমে বিভিন্ন অপারেশনাল দক্ষতা, প্রশাসনিক কার্যক্রম, শৃঙ্খলা, সরঞ্জাম রক্ষণাবেক্ষণ, গণসংযোগ, টপোগ্রাফি, পরিচ্ছন্নতা, রেজিস্টার সংরক্ষণসহ নানা সূচকের ভিত্তিতে শ্রেষ্ঠ ফায়ার স্টেশন নির্বাচন করা হয়।

প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে রাজশাহীর উপসহকারী পরিচালক ফরহাদ হোসেন এ ধরনের প্রতিযোগিতা ও পুরস্কার প্রবর্তনের জন্য মহাপরিচালককে ধন্যবাদ জানান। সদ্য পদোন্নতিপ্রাপ্ত ওয়্যারহাউজ ইন্সপেক্টর খালেদা ইয়াসমিন পদোন্নতিতে সন্তোষ প্রকাশ করে সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানান।

অনুষ্ঠানে পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লে. কর্নেল মো. মাহমুদুল হাসান এবং পরিচালক (প্রশাসন ও অর্থ) মো. শহীদ আতাহার হোসেন বক্তব্য দেন। প্রধান অতিথির বক্তব্যে মহাপরিচালক সাম্প্রতিক বিভিন্ন দুর্ঘটনায় ফায়ার সার্ভিসের সদস্যদের পেশাদারিত্বের প্রশংসা করেন এবং সেবার মান আরও উন্নত করতে এ ধরনের মূল্যায়ন কার্যক্রম নিয়মিত চালিয়ে যাওয়ার নির্দেশনা দেন।

অনুষ্ঠানে অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রকল্প পরিচালক, ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এবং ঢাকায় কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। এছাড়া বিভাগ ও জেলার কর্মকর্তা-কর্মচারীরা অনলাইনের মাধ্যমে অনুষ্ঠানে অংশ নেন।