জ্বর, শ্বাসকষ্ট ও কাশির কারণে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে ভর্তি হয়েছেন বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। বর্তমানে তিনি শারীরিকভাবে স্থিতিশীল থাকলেও চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাকে আরও কয়েকদিন হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে। বুধবার (২ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অধ্যাপক ডা. সিএম শাহীন কবীর।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত ৯টা ৪০ মিনিটে ৭৬ বছর বয়সী বিদ্যুৎমন্ত্রী হাসপাতালের জরুরি বিভাগে যান। প্রাথমিক পরীক্ষায় তাঁর শ্বাসকষ্ট এবং রক্তে অক্সিজেনের মাত্রা কম পাওয়া যায়। এরপর তাকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়। জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা শেষে তাৎক্ষণিকভাবে তিন সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়। রক্তের বিভিন্ন পরীক্ষা ও বুকের এক্স-রে পর্যালোচনা করে ফুসফুসে নিউমোনিয়া শনাক্ত হওয়ায় চিকিৎসা শুরু করা হয়।
সকাল ৯টার দিকে বিভিন্ন বিশেষজ্ঞ সমন্বয়ে নতুন মেডিকেল বোর্ড গঠন করা হয়। বোর্ডের নির্দেশনা অনুযায়ী চিকিৎসা ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা চলছে। বিবৃতিতে জানানো হয়, বিদ্যুৎমন্ত্রী আগে থেকেই ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে ভুগছেন। কিছুদিন আগে ব্যাংককে তাঁর হৃদ্যন্ত্রের রক্তনালিতে একটি স্টেন্ট (রিং) বসানো হয়েছিল। চিকিৎসকদের মতে, পূর্ণাঙ্গ চিকিৎসা ও নিবিড় পর্যবেক্ষণের জন্য তাকে আরও কিছুদিন হাসপাতালে অবস্থান করতে হবে।