চট্টগ্রামের ফটিকছড়ি সীমান্তে নিরাপত্তা জোরদার ও সীমান্তকেন্দ্রিক অপরাধ নিয়ন্ত্রণে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নতুন বর্ডার অবজারভেশন পোস্ট (বিওপি) রহমতপুর চালু করা হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) সকালে নবনির্মিত বিওপি ‘রহমতপুর’-এর উদ্বোধন করেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।

উদ্বোধনী বক্তব্যে বিজিবি মহাপরিচালক বলেন, পাহাড়ি ও দুর্গম সীমান্ত এলাকায় নতুন বিওপি চালুর ফলে বিজিবির আভিযানিক সক্ষমতা বাড়বে এবং সীমান্তে নজরদারি আরও জোরদার হবে। পাশাপাশি চোরাচালান, অবৈধ অস্ত্র ও মাদক পাচার প্রতিরোধে এটি কার্যকর ভূমিকা রাখবে।

তিনি বলেন, সীমান্তকেন্দ্রিক অপরাধ নিয়ন্ত্রণে বিজিবির কাঠামোগত সক্ষমতা বাড়ানোর পাশাপাশি নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারি জোরদারের কার্যক্রম অব্যাহত রয়েছে।

অনুষ্ঠানে চট্টগ্রাম রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সোহেল আহমেদ, বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং রামগড় ব্যাটালিয়নের অধিনায়কসহ অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

বিজিবি সূত্রে জানা গেছে, ১৭৯৫ সালে ৪৪৮ জন সদস্য নিয়ে তৎকালীন ‘রামগড় লোকাল ব্যাটালিয়ন’ গঠিত হয়েছিল। পরবর্তী সময়ে নানা পরিবর্তনের মধ্য দিয়ে বাহিনীটি বর্তমানে আধুনিক বিজিবি হিসেবে দেশের সীমান্ত সুরক্ষায় দায়িত্ব পালন করছে। বর্তমানে ৪৩ বিজিবির আওতায় দুটি অপারেশনাল সিআইও ক্যাম্প, ১৩টি বিওপি ও দুটি চেকপোস্ট রয়েছে। এর মধ্যে ফটিকছড়ি সীমান্ত এলাকায় রহমতপুরসহ মোট পাঁচটি বিওপি সক্রিয় রয়েছে।

স্থানীয় বাসিন্দারা বলছেন, সীমান্তবর্তী দুর্গম পাহাড়ি এলাকায় নতুন বিওপি স্থাপনের ফলে অপরাধীদের তৎপরতা কমার পাশাপাশি সীমান্ত এলাকার সাধারণ মানুষের নিরাপত্তা আরও জোরদার হবে।