লিবিয়ার তাজুরা ডিটেনশন সেন্টারে আটক অবস্থায় থাকা ১৭৪ জন অনিয়মিত বাংলাদেশি নাগরিককে দেশে ফিরিয়ে আনা হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ৯টা ৪৭ মিনিটে বুরাক এয়ারের একটি ফ্লাইটের মাধ্যমে তারা ঢাকায় পৌঁছান।

পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং লিবিয়াস্থ বাংলাদেশ দূতাবাসের যৌথ উদ্যোগে, লিবিয়া সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর সহযোগিতায় এই প্রত্যাবাসন কার্যক্রম সম্পন্ন হয়। জানা যায়, ফেরত আসা যাত্রীদের অধিকাংশই মানবপাচারকারীদের প্ররোচনায় সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপ যাওয়ার উদ্দেশ্যে লিবিয়ায় প্রবেশ করেছিলেন। অভিযোগ রয়েছে, তাদের মধ্যে অনেকেই সেখানে অপহরণ ও বিভিন্ন ধাপে শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন।

বিমানবন্দরে প্রত্যাবাসিত নাগরিকদের অভ্যর্থনা জানান সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তারা, আইওএম-এর প্রতিনিধিরা এবং অন্যান্য দপ্তরের সদস্যরা। ভুক্তভোগীদের নিজেদের দুর্বিষহ অভিজ্ঞতা শেয়ার করার মাধ্যমে অনিয়মিত অভিবাসনের ঝুঁকি নিয়ে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিরা।

আইওএম-এর তত্ত্বাবধানে ফেরত আসা প্রত্যেক বাংলাদেশিকে যাতায়াত খরচ, খাদ্যসামগ্রী, প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজনীয় ক্ষেত্রে অস্থায়ী বাসস্থানের সুবিধা দেওয়া হয়েছে। একই সাথে লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক থাকা বাকি বাংলাদেশিদেরও নিরাপদে দেশে ফিরিয়ে আনতে পররাষ্ট্র মন্ত্রণালয় ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা যৌথভাবে কাজ চালিয়ে যাচ্ছে।