নেপালে আকস্মিক ভয়াবহ বন্যা ও ভূমিধসে শত শত মানুষের প্রাণহানি এবং ব্যাপক সম্পদ ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছে বাংলাদেশ।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বাংলাদেশ সরকারের পক্ষে ঢাকার নেপাল দূতাবাসে গিয়ে শোক বইয়ে স্বাক্ষর করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

শোকবার্তায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, "গত ২৬ আগস্ট উত্তর নেপালে আকস্মিক ভয়াবহ বন্যা ও ভূমিধসের ঘটনায় পর্যটকসহ শত শত মানুষের মৃত্যু এবং ব্যাপক সম্পদ ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতিতে বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে নেপাল সরকার এবং দেশটির বন্ধুত্বপূর্ণ জনগণের প্রতি আন্তরিক সমবেদনা ও গভীর শোক জানানো হচ্ছে।"

তিনি আরও উল্লেখ করেন, "গভীর শোকের এই সময়ে ভয়াবহ এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত সকল মানুষের প্রতি বাংলাদেশের আন্তরিক চিন্তা ও প্রার্থনা রয়েছে।"

নেপালের জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করে হুমায়ুন কবির বলেন, "বন্ধুপ্রত নেপালের জনগণের সঙ্গে বাংলাদেশ সংহতি প্রকাশ করছে এবং প্রয়োজন অনুযায়ী যেকোনো ধরনের সহায়তা দিতে বাংলাদেশ প্রস্তুত রয়েছে।"

প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন যে, নেপালের জনগণ তাদের দৃঢ়তা ও সহনশীলতার মাধ্যমে এই সংকট কাটিয়ে উঠবে। তিনি বলেন, "এই কঠিন সময়ে সবাই একসঙ্গে দাঁড়িয়ে আছেন এবং নেপালের জনগণ তাদের দৃঢ়তা, সহনশীলতা ও শক্তির মাধ্যমে এই সংকট ও চ্যালেঞ্জ সফলভাবে মোকাবিলা করবে বলে বাংলাদেশ আশাবাদী।"