চাঁদপুরের হাজীগঞ্জে রাধাসার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন কুমার সাহা (৫৯) বিদায় সংবর্ধনার দিনেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। সোমবার (৩১ আগস্ট) দুপুরে তার বিদায় অনুষ্ঠানের কথা ছিল। কিন্তু ভোররাতে তিনি মারা যান। পরে তার মরদেহ কফিনে করে বিদ্যালয়ে নেওয়া হয়।
বিদ্যালয়ের সহকর্মী তানজিলা আক্তার বলেন, দুপুরের অনুষ্ঠানের সব প্রস্তুতি তারা সম্পন্ন করেছিলেন। কিন্তু ভোররাতে ফোনে জানতে পারেন, স্যার মারা গেছেন। আরেক সহকর্মী লিমা আক্তার জানান, রাত ৩টার দিকে তিনি হৃদরোগে আক্রান্ত হন এবং হাসপাতালে নেওয়ার আগেই মারা যান।
স্থানীয় ইউপি সদস্য রবিউল আলম অরুন বলেন, স্যারের বিদায় সংবর্ধনায় তিনি অতিথি ছিলেন। কিন্তু আজ তাকে চিরবিদায় দিতে হলো। তার এমন মৃত্যুতে শিক্ষার্থীসহ সবাই ব্যথিত। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।