রাজধানীর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ও সহযোগী অধ্যাপক হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের উপ-সচিব ড. মোহাম্মদ আলম হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে এই নিয়োগ প্রদান করা হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, গত ১৩ নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দে ১০৭৯ নম্বর স্মারকে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের সুপারনিউমারির পদে সহযোগী অধ্যাপক হিসেবে পদোন্নতিপ্রাপ্ত ডা. সায়ীদ মেহবুব উল কাদিরকে পরিচালক (ভারপ্রাপ্ত) পদে পদায়ন করা হয়েছে। জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

বদলি ও পদায়ন সংক্রান্ত নির্দেশিকা অনুযায়ী, পদোন্নতিপ্রাপ্ত ও পদায়নকৃত কর্মকর্তাকে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে নতুন পদ ও কর্মস্থলে যোগদান করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে যোগদানে ব্যর্থ হলে তাকে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অব্যাহতিপ্রাপ্ত হিসেবে গণ্য করা হবে বলে আদেশে স্পষ্ট করা হয়েছে।