সুনামগঞ্জের শান্তিগঞ্জ থানা পুলিশের কাছ থেকে হাতকড়াসহ ছিনিয়ে নেওয়া একাধিক মামলার আসামি আসির মিয়াকে (৩২) পুনরায় গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের ২৪ ঘণ্টার মধ্যেই বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সুনামগঞ্জ শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকার পানসি রেস্টুরেন্ট থেকে তাকে আটক করা হয়।
ঘটনার সূত্রপাত বুধবার রাত সাড়ে ৯টায়, যখন শান্তিগঞ্জ থানার পুলিশ দামোধরতপী গ্রামের মৃত শফিক মিয়ার ছেলে মো. আসির মিয়াকে তার নিজ গ্রাম থেকে গ্রেপ্তার করে। পুলিশ তাকে হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়ার সময় স্বজনরা ভিড় জমিয়ে তাকে ছিনিয়ে নেয়। এসময় আসির মিয়া ফেসবুক লাইভে নিজেকে কনটেন্ট ক্রিয়েটর দাবি করে অভিযোগ করেন যে, তাকে গ্রেপ্তারি পরোয়ানা ছাড়াই আটক করা হয়েছে।
পুলিশের কবল থেকে মুক্ত হয়ে রাত সাড়ে ১০টায় আসির মিয়া পুনরায় ফেসবুক লাইভে আসেন এবং এক হাতে হাতকড়া দেখিয়ে দাবি করেন, শান্তিগঞ্জ থানার ওসির নির্দেশে এসআই নুর উদ্দিনের নেতৃত্বে পুলিশ তার ওপর হামলা চালিয়েছে। তিনি আরও জানান, গ্রেপ্তারি পরোয়ানা দেখতে চাইলেও পুলিশ তা দেখাতে অস্বীকার করে।
তদন্তে জানা গেছে, দামোধরদপী গ্রামের বাসিন্দা মো. জিয়াউল হক বেগ আসির মিয়া এবং তার দুই ভাই নাছির মিয়া ও বাচ্ছু মিয়ার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছিলেন। সেই মামলায় আসির মিয়াকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়ার সময় স্বজনরা তাকে ছিনিয়ে নেয়।
এদিকে, বৃহস্পতিবার সকালে স্থানীয়দের সহায়তায় আসির মিয়ার কাছ থেকে হাতকড়াটি উদ্ধার করে পুলিশ। পুলিশের কাছ থেকে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় আসির মিয়াসহ ১৫ জনের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।
সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ জানান, "আসামি আসির মিয়া বুধবার রাতে শান্তিগঞ্জ থানার পুলিশের কাছ থেকে হাতকড়াসহ পালিয়ে গিয়েছিল। বিশেষ অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাতে সুনামগঞ্জ শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে পুনরায় গ্রেপ্তার করা হয়েছে। তাকে শান্তিগঞ্জ থানায় হস্তান্তর করা হবে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।"