বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটির (বিজেপিসি) ঢাকা বিভাগীয় আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাজধানীর কারওয়ান বাজারে টিসিএ সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় এই ৯ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। সভায় সংগঠনের বাংলাদেশ শাখার সাধারণ সম্পাদক আনিছুর রহমান কবির উপস্থিত ছিলেন।

নবগঠিত কমিটির আহ্বায়ক হিসেবে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের রাশেদ নিজাম, সদস্য সচিব হিসেবে স্টার নিউজের মাহদি হাসান এবং সমন্বয়ক হিসেবে অ্যাডভোকেট তরুন লাল বেগিকে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া তিন সদস্য বিশিষ্ট উপদেষ্টা পর্ষদও গঠন করা হয়েছে। বাকি সদস্যদের নাম ও দায়িত্ব সংগঠনের পক্ষ থেকে ভবিষ্যতে আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

মতবিনিময় সভায় ঢাকার সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, কর্মস্থলে মোকাবিলা করা চাপ ও ঝুঁকি, অধিকার রক্ষা ও দক্ষতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়। সংগঠনের কার্যক্রম রাজধানীতে আরও বিস্তৃত ও গতিশীল করার পরিকল্পনার কথা জানানো হয়। সভায় অংশগ্রহণকারীরা জানান, দায়িত্ব পালনকালে তারা বিভিন্ন ধরনের চাপ, হুমকি ও হয়রানির সম্মুখীন হন। একটি গণতান্ত্রিক সমাজে স্বাধীন সাংবাদিকতার জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা অপরিহার্য। পেশাগত মর্যাদা ও অধিকার রক্ষায় সম্মিলিত উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।

বিজেপিসি বাংলাদেশের সাধারণ সম্পাদক আনিছুর রহমান কবির সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার রক্ষায় সংগঠনের কাজ প্রসারিত করার ওপর জোর দেন। তিনি বলেন, সাংবাদিকরা যাতে ভয়ভীতি, চাপ বা কোনো ধরনের বাধা ছাড়াই দায়িত্ব পালন করতে পারেন, সে পরিবেশ তৈরিতে সাংবাদিকদের ঐক্যবদ্ধ উদ্যোগ প্রয়োজন। নবগঠিত বিভাগীয় নেতৃত্বও সাংবাদিকদের মর্যাদা, নিরাপত্তা ও অধিকার রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি দেয়। ঢাকার সাংবাদিকদের সঙ্গে সমন্বয় রেখে প্রয়োজন অনুযায়ী বিভিন্ন কর্মসূচি ও সহায়তামূলক উদ্যোগ নেওয়ার কথা তারা জানান।

আয়োজকদের তথ্য অনুযায়ী, বিজেপিসি ২০২৪ সালে খুলনা থেকে যাত্রা শুরু করে। এরপর থেকে সংগঠনটি সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, নিরাপত্তা ও অধিকার নিয়ে কাজ করে আসছে। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও ফ্রি প্রেস আনলিমিটেড-এর অর্থায়নে এবং আর্টিকেল ১৯-এর সহযোগিতায় পরিচালিত এই উদ্যোগের মূল লক্ষ্য সাংবাদিকদের জন্য নিরাপদ ও স্বাধীন কর্মপরিবেশ তৈরি, পেশাগত সক্ষমতা বৃদ্ধি এবং তাদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা.