ফরিদপুরের মধুখালীতে ঢাকা-খুলনা মহাসড়কে ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় পূর্বাশা পরিবহনের এক সুপারভাইজার নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় অন্তত ২০ যাত্রী আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার শাহ হাবিব দাখিল মাদ্রাসার সামনে এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তি হলেন চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার মুন্সিগঞ্জ গ্রামের বাসিন্দা মো. জুয়েল (২৮)। তিনি পূর্বাশা পরিবহনের সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন।
করিমপুর হাইওয়ে থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, ঢাকা থেকে চুয়াডাঙ্গাগামী পূর্বাশা পরিবহনের বাসটি (ঢাকা মেট্রো-ব-১৫-৪৫৮৫) মহাসড়ক দিয়ে অগ্রসর হচ্ছিল। একই সময়ে ময়দা বোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৪-২৮৭৪) মাগুরার দিকে যাচ্ছিল। শাহ হাবিব দাখিল মাদ্রাসার সামনে পৌঁছালে ট্রাকটির একটি টায়ার হঠাৎ বিস্ফোরিত হয়। টায়ার পরিবর্তনের উদ্দেশ্যে চালক ট্রাকটি মহাসড়কে দাঁড় করিয়ে রাখেন। ঠিক এই সময় পেছন থেকে আসা বাসটি নিয়ন্ত্রণ করতে না পেরে ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়।
পুলিশ সূত্র জানায়, সংঘর্ষের সময় বাসের সুপারভাইজার মো. জুয়েল বাসের বাম পাশে ইঞ্জিন কভারের ওপর বসে ছিলেন। ধাক্কার তীব্রতা থেকে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। দুর্ঘটনার পর স্থানীয়রা ও হাইওয়ে পুলিশ আহতদের উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। গুরুতর আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুস সালাম মুক্তকণ্ঠকে বলেন, "টায়ার বিস্ফোরণের পর ট্রাকটি মহাসড়কের ওপর দাঁড়িয়ে ছিল। পেছন থেকে আসা বাসটি ট্রাকটিকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক জব্দ করে হেফাজতে নেওয়া হয়েছে।"
তিনি আরও জানান, নিহত সুপারভাইজার মো. জুয়েলের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।