গাজীপুরের গাছা এলাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগে সিফাত আব্দুল্লাহ নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মেট্রোপলিটন গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রব্বানী।

পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, অভিযুক্ত সিফাত আব্দুল্লাহ বেশ কয়েকদিন ধরে প্রধানমন্ত্রীকে নিয়ে সামাজিক মাধ্যমে বিভিন্ন কুরুচিপূর্ণ বক্তব্য ও লেখালেখি করছিলেন। বিষয়টি স্থানীয় বিএনপির নেতাকর্মীদের নজরে আসলে তারা গাছা থানা পুলিশকে অবহিত করেন। এরপরই বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে ওই যুবককে গ্রেপ্তার করা হয়।

গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রব্বানী বলেন, প্রধানমন্ত্রীকে কটূক্তির দায়ে সিফাত আব্দুল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরও জানান, তাকে রাত ৯টার দিকে থানায় আনা হয়েছে এবং তার বিরুদ্ধে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলমান রয়েছে।