হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মরত অঙ্গীভূত আনসার সদস্যদের ডিউটি পোস্টে নির্বিঘ্ন ও নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে চালু হয়েছে বিশেষ বাস সার্ভিস।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ওয়েলফেয়ার ট্রাস্টের দুটি বাস এ সেবায় যুক্ত করা হয়েছে। বাস দুটির ভাড়া পরিশোধ করবে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিভিল এভিয়েশন)।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে বিমানবন্দরে আয়োজিত এক অনুষ্ঠানে এ সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর আনসার (উত্তর) জোনের জোন অধিনায়ক মো. রবিউল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে মো. রবিউল ইসলাম বলেন, ‘অঙ্গীভূত আনসার সদস্যদের যাতায়াতের সমস্যা দূর করতে বাহিনীর মহাপরিচালক ও সিভিল এভিয়েশনের নেওয়া এ উদ্যোগ একটি যুগান্তকারী পদক্ষেপ।’

দায়িত্ব পালনের ক্ষেত্রে আনসার সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন তিনি।

সংশ্লিষ্টরা জানান, বিমানবন্দরে দায়িত্ব পালনকারী অঙ্গীভূত আনসার সদস্যদের দীর্ঘদিনের অন্যতম সমস্যা ছিল ডিউটি পোস্টে যাতায়াত। নতুন বাস সার্ভিস চালুর ফলে তারা তুলনামূলক কম সময়ে ও নিরাপদে কর্মস্থলে পৌঁছাতে পারবেন। এতে তাদের পেশাগত দায়িত্ব পালনে গতি ও কর্মস্পৃহা বাড়বে বলে আশা করা হচ্ছে।

বিশেষ বাস সেবা চালু হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন বিমানবন্দরে কর্মরত আনসার সদস্যরা। তাদের প্রত্যাশা, নিয়মিত ও নিরাপদ পরিবহন সুবিধার ফলে ডিউটিতে সময়মতো উপস্থিতি নিশ্চিত হওয়ার পাশাপাশি দায়িত্ব পালনের ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়বে।

উল্লেখ্য, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ওয়েলফেয়ার ট্রাস্টের দুটি বাস বার্ষিক ৪২ লাখ ৪৫ হাজার ৬৮০ টাকা ভাড়ায় সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের কাছে দেওয়া হয়েছে।