মাদকদ্রব্য অপরাধের মামলা দ্রুত বিচারের লক্ষ্যে সরকার ঢাকাসহ সারা দেশের বিভিন্ন এলাকায় ২২টি বিশেষ ট্রাইব্যুনাল গঠন করেছে। আজ বৃহস্পতিবার আইন মন্ত্রণালয় জারি করা একটি প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।

গঠিত ট্রাইব্যুনালগুলোর মধ্যে রয়েছে—ঢাকা জেলার জন্য মাদকদ্রব্য অপরাধ দমন ট্রাইব্যুনাল ঢাকা; পল্লবী, কাফরুল ও মিরপুরসহ কয়েকটি এলাকার জন্য ট্রাইব্যুনাল, ঢাকা মহানগর-১; কলাবাগান ও ধানমন্ডিসহ কয়েকটি এলাকার জন্য ঢাকা মহানগর-২; মতিঝিলসহ কয়েকটি এলাকার জন্য ঢাকা মহানগর-৩; এবং উত্তরসহ কয়েকটি এলাকার জন্য ট্রাইব্যুনাল, ঢাকা মহানগর-৩। এছাড়াও চট্টগ্রাম, রাজশাহী, নারায়ণগঞ্জ, কক্সবাজার, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, বগুড়া, দিনাজপুর ও যশোরে এক বা একাধিক ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, এ প্রজ্ঞাপন জারির তারিখ থেকে ৬০ দিনের মধ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের অধীন অন্যূন ৫ বছর বা তার বেশি শাস্তিযোগ্য অপরাধের চলমান মামলাগুলো বর্তমান আদালত থেকে নতুন ট্রাইব্যুনালে স্থানান্তরিত হবে। কোনো মামলা যে পর্যায়ে স্থানান্তরিত হবে, সেই পর্যায় থেকে মামলার বিচারকাজ পরিচালিত হবে। বর্তমানে এমন শাস্তিযোগ্য বিচারাধীন মাদকের মামলা আছে ১ লাখ ৬৬ হাজার ৩৩৩টি। এর মধ্যে ঢাকা মহানগর এলাকায় মামলা আছে ২১ হাজার ৯২০টি। নতুন ট্রাইব্যুনালগুলো কার্যকর হলে এই মামলাগুলোর দ্রুত বিচার সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।