ইসলামি উন্নয়ন ব্যাংক গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ আল জাসের জানান, বাংলাদেশের ক্ষুদ্রঋণ ও উন্নয়ন মডেল থেকে শিক্ষা নিয়ে ব্যাংকটি তাদের সদস্য দেশগুলোতে ক্ষুদ্রঋণ কার্যক্রম প্রসারিত করার বিভিন্ন পদ্ধতি বিবেচনা করছে।
আজ বৃহস্পতিবার ঢাকায় সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সাথে বৈঠকে এই বিষয়টি তুলে ধরা হয়। ইউনূস সেন্টারের প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, উন্নয়ন, উদ্যোক্তা সৃষ্টি ও সামাজিক চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী সমাধান নিয়ে আলোচনা হয়। প্রতিনিধিদল গ্রামীণ ব্যাংকের মডেল, সামাজিক ব্যবসা এবং অধ্যাপক ইউনূসের ‘তিন শূন্য’ (শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব ও শূন্য নিট কার্বন নিঃসরণ) দর্শন নিয়ে মতবিনিময় করেন।
আল জাসের বলেন, "বাংলাদেশের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ইসলামি উন্নয়ন ব্যাংক তার সদস্যদেশগুলোতে ক্ষুদ্রঋণ চালুর বিভিন্ন উপায় বিবেচনা করছে।" এ উদ্যোগে স্বাগত জানিয়ে অধ্যাপক ইউনূস ইসলামি উন্নয়ন ব্যাংকের উদ্যোগে গ্রামীণের কর্মসূচিগুলো নিবিড়ভাবে পর্যালোচনা করতে একটি বিশেষজ্ঞ দল পাঠানোর অনুরোধ জানান। এর মাধ্যমে ব্যাংক কোন পদ্ধতিগুলো গ্রহণযোগ্য তা চিহ্নিত করা সম্ভব হবে বলে তিনি উল্লেখ করেন।
বৈঠকে ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়ন ও সম্প্রসারণ প্রকল্পের জন্য বাংলাদেশে এক বিলিয়ন মার্কিন ডলার অর্থায়ন চুক্তির কথাও উঠে আসে। অধ্যাপক ইউনূস আল জাসেরকে ধন্যবাদ জানিয়ে বলেন, "এই চুক্তির মধ্য দিয়ে বাংলাদেশ ও ইসলামি উন্নয়ন ব্যাংকের মধ্যকার সম্পর্কের গভীরতা এবং বাংলাদেশের অন্যতম বিশ্বস্ত উন্নয়ন অংশীদার হিসেবে ইসলামি উন্নয়ন ব্যাংকের ভূমিকার প্রতিফলন ঘটেছে।"
তরুণ প্রজন্মের কর্মসংস্থান ও উদ্যোক্তা মনোভাব নিয়ে আলোচনা করতে গিয়ে আল জাসের বলেন, "বর্তমানে অধিকাংশ তরুণের মধ্যেই প্রচলিত চাকরিব্যবস্থা থেকে দূরে থাকার প্রবণতা রয়েছে, তাঁরা আর নিজেদের শুধু চাকরিজীবী হিসেবে গড়ে তুলতে আগ্রহী নন।"
ইসলামি উন্নয়ন ব্যাংকের প্রতিনিধিদলে ছিলেন ইন্টারন্যাশনাল ইসলামিক ট্রেড ফাইন্যান্স করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আদিব ইউসুফ আল আমা, ইসলামি উন্নয়ন ব্যাংকের কান্ট্রি প্রোগ্রামস বিভাগের মহাপরিচালক আনাস আসিয়ামি, আইটিএফসির ট্রেড ফাইন্যান্স বিভাগের মহাব্যবস্থাপক আবদিহামিদ আবু, ইওপির মিডল অফিসের টেকনিক্যাল সাপোর্ট অফিসার মোহাম্মাদ জাফর আলমাশহারাউই, ইওপির ফ্রন্ট অফিস স্পেশালিস্ট ও এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট আহমাদ শাওয়েশ, সিনিয়র এডিটরিয়াল অ্যান্ড ব্র্যান্ডিং স্পেশালিস্ট আবদিকাদির আবদি, ঢাকার রিজিওনাল হাবের ম্যানেজার আলী খান, ঢাকার রিজিওনাল হাবের অপারেশনস টিম লিডার নাসের ইয়াকুবু, ঢাকার রিজিওনাল হাবের কান্ট্রি ইকোনমিস্ট মাহবুব রব্বানি, আইটিএফসির ডিভিশন ম্যানেজার আবদুল আলিম এইচ মোহাম্মদ, আইটিএফসির সিনিয়র ম্যানেজার ইফতেখার আলম।
বৈঠকে গ্রামীণ গ্রুপের চেয়ারম্যান মো. আশরাফুল হাসান, ইউনূস সেন্টারের নির্বাহী পরিচালক লামিয়া মোরশেদ এবং গ্রামীণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক তাসমিনা রহমানও উপস্থিত ছিলেন।