মন্ত্রিসভা নতুন বেতনকাঠামো অনুমোদন করেছে। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি জানান, আইন মন্ত্রণালয়ের ভেটিং সাপেক্ষে এসআরও (বিধিবদ্ধ সরকারি আদেশ) জারির প্রক্রিয়া শুরু হয়েছে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, চলতি সপ্তাহেই এ-সংক্রান্ত আদেশ জারি করা হবে।
সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বৈঠকের পর তথ্য অধিদপ্তরে সংবাদ সম্মেলনে বেতন বৃদ্ধির বিস্তারিত তথ্য তুলে ধরেন মন্ত্রিপরিষদ সচিব।
এক প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ১২ বছর ধরে কোনো বেতন বৃদ্ধি ঘটেনি। ৫ বছর অন্তর যেখানে পে স্কেল পরিবর্তন হয়, সেখানে এটা ১২ বছরে হয়নি। তাদের (সরকারি কর্মকর্তা-কর্মচারী) জন্য এটা খুব কষ্টকর এবং জীবনযাত্রার মানও কমে গেছে অনেক। সেটিকে বিবেচনায় রেখে উভয় দিকে ভারসাম্য করে যেটুকু করা যায়, সেটিই করা হয়েছে।