সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের বিশেষ চাহিদাসম্পন্ন সন্তানদের জন্য প্রথমবারের মতো ‘প্রতিবন্ধী সন্তান ভাতা’ চালু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন বেতন কাঠামো অনুমোদনের পাশাপাশি প্রতিটি বিশেষ চাহিদাসম্পন্ন সন্তানের জন্য মাসে তিন হাজার টাকা হারে এই ভাতা প্রদান করা হবে।
আজ সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে নতুন বেতন কাঠামো অনুমোদন করা হয়। বৈঠকেই ‘প্রতিবন্ধী সন্তান ভাতা’ চালুর বিষয়টি স্থির হয়। পরে তথ্য অধিদপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি বেতন বৃদ্ধির বিস্তারিত তথ্য তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ইন্টারনেট ও ডিজিটাল যোগাযোগের খরচ বিবেচনায় মোবাইল ভাতার আওতা সম্প্রসারণ করা হয়েছে। আগে কেবল পঞ্চম গ্রেডের কর্মচারীদের জন্য এই ভাতা প্রযোজ্য ছিল। নতুন স্কেলে সকল গ্রেডের কর্মচারীরা এখন মোবাইল ভাতা পাবেন।
বিদ্যমান ২০টি গ্রেড বহাল রেখে মূল বেতন সর্বোচ্চ ১৪২ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১ থেকে ১১ নম্বর গ্রেডে মূল বেতন ১০০ শতাংশ এবং গ্রেড-১২ থেকে ২০ পর্যন্ত মূল বেতন ১১৫ থেকে ১৪২ শতাংশ বৃদ্ধি পাবে। নতুন বেতন কাঠামো গত ১ জুলাই থেকে বাস্তবায়ন শুরু হলেও তা ধাপে ধাপে প্রয়োগ করা হবে।
বেতন স্কেল বাস্তবায়নের আর্থিক অবস্থা ও মূল্যস্ফীতির সম্ভাব্য প্রভাব বিবেচনায় সরকার পুরো স্কেল একসাথে কার্যকর না করে চলতি ২০২৬-২৭ ও ২০২৭-২৮ অর্থবছরে পর্যায়ক্রমে বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে। চলতি বছরের ১ জুলাই থেকে আগামী ২০২৭ সালের মধ্যে মূল বেতন মোট তিন ধাপে বাস্তবায়িত হবে। অন্যদিকে, বিভিন্ন ভাতা ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে একযোগে কার্যকর হবে।
সংবাদ সম্মেলনে তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদও উপস্থিত ছিলেন।