নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পুলিশের পরিচয় নিয়ে আবদুর রহমান নামে এক ব্যক্তিকে অপহরণ করে ১২ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। সোমবার (৩১ আগস্ট) দুপুরে বসুরহাট-হাজারীহাট সড়কের বিদ্যুৎ অফিস এলাকায় এই ঘটনা ঘটে।

অভিযুক্ত আবদুর রহমান ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখার ম্যানেজার এবং কোম্পানীগঞ্জ উপজেলার চরহাজারী ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার দুপুরে বসুরহাট থেকে ১২ লাখ টাকা নিয়ে মোটরসাইকেলে আবু মাঝির হাট যাচ্ছিলেন তিনি। পথে বিদ্যুৎ অফিস এলাকা পার হওয়ার সময় ডিবি পুলিশের পোশাকপরী কয়েকজন প্রাইভেটকারে এসে তার মোটরসাইকেলের গতি রোধ করে। অস্ত্র হাতে তারা গাড়ি থেকে নেমে ইয়াবা বিক্রির অভিযোগ তুলে আবদুর রহমানকে বাধ্য করে গাড়িতে তুলে নেয়। পরে তাদের চক্রটি তাকে সেনবাগ উপজেলার নবীপুর এলাকায় ফেলে রেখে পালিয়ে যায়। এ সময় তাঁর সাথে থাকা ১২ লাখ টাকাও ছিনিয়ে নেওয়া হয়।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম বলেন, ১২ লাখ টাকা ছিনতাইয়ের একটি মৌখিক অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে ডিবি পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।