বাগেরহাটের ফকিরহাট উপজেলার সাতশৈয়া গ্রামে শনিবার (৫ সেপ্টেম্বর) ভোররাত পৌনে চারটার দিকে এক ডাকাতির ঘটনা ঘটেছে। রেণুপোনা ব্যবসায়ী মাহাবুব মল্লিকের বাড়িতে ঢুকে পাঁচ-ছয় জনের একটি ডাকাতদল লুটপাট চালিয়েছে। এ সময় তারা দুটি বোমা নিক্ষেপ করে আতঙ্ক ছড়িয়ে দিয়ে পালিয়ে যায়। ডাকাতদের হামলায় গৃহকর্তা মাহাবুব মল্লিক, তার মা রিজিয়া বেগম এবং বোন রেহেনা মল্লিকসহ পরিবারের তিন সদস্য আহত হয়েছেন।
ভুক্তভোগী পরিবারের সূত্র জানায়, ডাকাতরা বাড়ির লোহার গেটের তালা ভেঙে ঘরে প্রবেশ করে। পরে তারা অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে মারধর ও ভয়ভীতি দেখায়। এই সময় ডাকাতরা মাহাবুব মল্লিকের স্ত্রীর গলা থেকে একটি স্বর্ণ চেইনের অংশবিশেষ ছিঁড়ে নিয়ে যান। এছাড়া তিনি তার বোনের কাছ থেকে একটি ফোন কেড়ে নেন। পরিবারের সদস্যদের চিৎকার শুনে আশপাশের স্থানীয়রা ঘটনাস্থলে আসলে ডাকাতদল পালানোর পথে রাস্তা এবং একটি বাড়ির সামনে পরপর দুটি বোমা নিক্ষেপ করে। এতে এলাকাব্যাপী আতঙ্কের সৃষ্টি হয়।
আহতদের উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়, যেখানে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা সহকারী পুলিশ সুপার (সার্কেল) রাশেদুল ইসলাম রানা, ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো রজিউল্লাহ খান, উপজেলা বিএনপির সভাপতি শেখ কামরুল ইসলাম গোরা এবং আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
বিষয়টি নিশ্চিত করে ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো রজিউল্লাহ খান বলেন, "পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগী পরিবার লিখিত অভিযোগ দিলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।"