রাজশাহী থেকে সারা দেশে আন্তঃজেলা ও দূরপাল্লার বাস চলাচল স্বাভাবিক হয়েছে। দুই দিন ধরে বন্ধ থাকা পরিবহন সেবা শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার পর চালু হওয়ায় আটকে পড়া যাত্রীদের স্বস্তি ফিরেছে।
পরিবহন সূত্র জানিয়েছে, রাজশাহী ও নাটোর জেলার পরিবহন মালিক-শ্রমিকদের বিরোধের জেরে শুক্রবার প্রথমে আন্তঃজেলা এবং শনিবার সকালে দূরপাল্লার বাস চলাচল বন্ধ হয়ে যায়। দর্শনাগামী রাব্বি পরিবহনের একটি বাস নাটোরে আটকে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে এই বিতর্কের সূত্রপাত হয়। পরে পাল্টাপাল্টা বাস আটকের ঘটনা ঘটে। শনিবার সকালে নাটোরে রাজশাহী থেকে ঢাকাগামী দেশ ট্রাভেলস ও ন্যাশনাল ট্রাভেলসের কয়েকটি বাস আটকে রাখা হলে প্রতিবাদে পরিবহন মালিক-শ্রমিকরা দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ রাখেন।
বাস চলাচল বন্ধ থাকায় রাজশাহীর বিভিন্ন বাস কাউন্টারে যাত্রীদের ভিড় দেখা যায়। অনেক যাত্রী আগে থেকে টিকিট কেটে অপেক্ষায় ছিলেন, তবে জরুরি প্রয়োজনে কেউ কেউ বিকল্প যানবাহনে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করেন।
ঢাকাগামী যাত্রী মো. কামরুজ্জামান বলেন, "বাস বন্ধ থাকায় নির্ধারিত সময়ে ঢাকায় যেতে পারিনি। এখন বাস চলাচল শুরু হওয়ায় কিছুটা স্বস্তি পেয়েছি।"
অন্য এক যাত্রী সাইফুল ইসলাম বলেন, "হঠাৎ করে পরিবহন বন্ধ হয়ে যাওয়ায় অনেকেই সমস্যায় পড়েছেন। এ ধরনের বিরোধ যেন আর যাত্রীদের ভোগান্তির কারণ না হয়।"
বিষয়টি নিষ্পত্তিতে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর হস্তক্ষেপে দুই পক্ষের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হয়। রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল জানান, আলোচনার মাধ্যমে বিরোধের অবসান হওয়ায় শনিবার দুপুর সাড়ে ১২টা থেকে রাজশাহী থেকে সারা দেশে বাস চলাচল স্বাভাবিক হয়েছে।