যশোর কেন্দ্রীয় কারাগারের এক নারী হাজতি হাসপাতালে নেওয়ার পথে অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম দিয়েছেন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৮টা ৪০ মিনিটে যশোরের চুরামনকাটি এলাকায় গাড়িটি পৌঁছানোর সময় তিনি সন্তান প্রসব করেন।

কারাগার সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ঝিনাইদহ থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য বৃষ্টি খাতুন নামে ওই হাজতিকে নিয়ে যাওয়া হচ্ছিল। যশোরের চুরামনকাটি এলাকায় পৌঁছানোর পর তার প্রসববেদনা তীব্র হয়ে ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার আগেই অ্যাম্বুলেন্সের ভেতরেই তিনি পুত্রসন্তানের জন্ম দেন।

নবজাতকের আগমনের খবর পেয়ে যশোর কেন্দ্রীয় কারাগার প্রশাসন দ্রুত মা ও শিশুর চিকিৎসা ও প্রয়োজনীয় সহযোগিতার ব্যবস্থা করে। নবজাতকের জন্য জামাকাপড়, মশারি, বিছানাপত্র, তোয়ালে, ন্যাপকিন, ডায়পার, অলিভ অয়েলসহ বিভিন্ন সামগ্রী সরবরাহ করা হয়। ফুল দিয়ে মা ও নবজাতককে স্বাগত জানানো হয় এবং উপস্থিত সকলের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।

কারা কর্তৃপক্ষ জানায়, নবজাতকের সুস্থতা ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখা হবে। কারাগারের কঠিন পরিবেশের মধ্যেও এই নতুন প্রাণের আগমনে আনন্দ ও মানবিকতার ছোঁয়া লেগেছে। সংশ্লিষ্টরা মা ও নবজাতকের সুস্থতা ও শিশুটির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।

যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার আবিদ আহমেদ বলেন, কারা মহাপরিদর্শক স্যারের দিকনির্দেশনা অনুযায়ী মা ও নবজাতকের প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা নিশ্চিত করা হয়েছে। বর্তমানে মা ও শিশুটি সুস্থ রয়েছে।