স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল অভিযোগ করেছেন, ভারতের আদানি গ্রুপ বিদ্যুৎ সরবরাহে খেলা করছে। তিনি বলেন, একদিন ১০০ মেগাওয়াট বিদ্যুৎ দিলেও পরদিন তা ৫০ মেগাওয়াটে নামিয়ে আনা হয়।
গ্যাস প্রসঙ্গে তিনি বলেন, আগের সরকার কোনো গ্যাস কূপ খনন করেনি। আমাদের যে রিজার্ভ ছিল, তা এখনো আছে। আমরা নতুন করে কিছু গ্যাস কূপ খনন শুরু করেছি।
সোমবার (৩১ আগস্ট) সকালে মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে সার্বিক উন্নয়নমূলক ও অন্যান্য কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যখাতে দীর্ঘদিনের অনিয়ম ও দুর্নীতির কারণে জনগণ কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। পর্যাপ্ত চিকিৎসক ও নার্স না থাকার পাশাপাশি বিপুল অর্থ ব্যয়ে কেনা অনেক যন্ত্রপাতি ব্যবহার না করেই নষ্ট হয়ে গেছে। এসব অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, দুর্নীতির বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে। স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কোনো ধরনের অনিয়মকে ছাড় দেওয়া হবে না।
মাদকের বিরুদ্ধেও সরকারের জিরো টলারেন্স নীতি উল্লেখ করে তিনি বলেন, মাদকসেবী ও মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নারী ও শিশু নির্যাতনের মতো অপরাধের ক্ষেত্রেও দ্রুত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার ওপর গুরুত্ব দেন তিনি।
দায়িত্ব নেওয়ার পর গত ছয় মাসে উপজেলা ও তৃণমূল পর্যায়ে চিকিৎসকদের উপস্থিতি নিশ্চিত করার ক্ষেত্রে অগ্রগতি হয়েছে বলেও দাবি করেন মন্ত্রী। পাশাপাশি হাসপাতালগুলোর সেবার মান উন্নত হয়েছে বলেও জানান তিনি।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম, মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীর ও মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মাইনুল ইসলাম খান শান্ত। এ ছাড়া জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানরা সভায় উপস্থিত ছিলেন।